UsharAlo logo
, |

রূপসা নতুন বাজারকে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে গড়ে তোলার ঘোষণা কেডিএ চেয়ারম্যানের

Mohon Chowdhury
আগস্ট ২৩, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, রূপসা মার্কেটকে বহুতল ও সুসজ্জিত আধুনিক ভবনে রূপান্তর করা গেলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, জীবনযাত্রার মান এবং অবকাশ যাপনের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন আসবে। রূপসা নতুন বাজার শুধু একটি সাধারণ বাজার নয়, এটি পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান চালিকাশক্তি এবং সম্ভাবনাময় বাণিজ্যিক কেন্দ্র।

রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেডিএ রূপসা মার্কেট নতুন বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেডিএ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার রূপসা নতুন বাজারকে পরিকল্পিত ও আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে। বাজারটিকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবসাবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেডিএ বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে পুরো বাজার এলাকাকে একটি শৃঙ্খলার আওতায় আনা হবে। খুলনাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কেডিএ নিরলসভাবে কাজ করছে। রূপসা নতুন বাজারকে খুলনার অন্যতম পরিচ্ছন্ন ও লাভজনক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

কেডিএ রূপসা নতুন বাজার দোকান মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেডিএর কর্মকর্তাবৃন্দ, নতুন বাজার মালিক অ্যাসোসিয়েশন এবং চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।