UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড গড়া মোসাদ্দেক ৪ বছর পর ফিরলেন একাদশে

ক্রীড়া ডেস্ক
জুন ৯, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ দলে মোসাদ্দেক হোসেন সবশেষ ওয়ানডে ম্যাচটা খেলেছেন সেই ২০২২ সালে। এরপর থেকে জাতীয় দলে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি। ৪ বছর পর তার অপেক্ষার প্রহর ঘুচেছে। তিনি ফিরেছেন জাতীয় দলের একাদশে।

তার জাতীয় দলে ফেরার বড় কারণ চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তার দারুণ ফর্ম। ৪৯ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন তিনি। চলতি ডিপিএলে ৭ ইনিংসে তিনি করেছেন ৩৩৬ রান, স্ট্রাইক রেটটাও দারুণ ১৩৩.৩৩।

বোলিংয়েও দারুণ কার্যকর তিনি ৯ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। ইকনমিও বেশ ভালো, ৪.১২ করে রান দিয়েছেন ওভারপ্রতি। এমন একজন পারফর্মারকে উপেক্ষা করতে পারেনি বাংলাদেশ। তারই ফলে তার জায়গা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের একাদশে।

এদিকে রিশাদ হোসেনের জায়গা হয়নি আজকের একাদশে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও খেলেননি তিনি।

ওদিকে অস্ট্রেলিয়া দলে আছেন এক অভিষিক্ত। লিয়াম স্কট তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নামছেন আজ।

বাংলাদেশ একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ:
জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জ্যাম্পা।

ঊষার আলো-এসএ