খুলনা, ২ আগস্ট : খুলনা নগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও নগদ টাকাসহ ‘বি কোম্পানি’ নামের একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ হিসেবে পরিচিত ‘বি কোম্পানি’র তিন অস্ত্রধারী সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া গ্রামের মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারিপাড়া এলাকার মো. নান্না বেপারি (৫৭)।
র্যাব জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা মহানগরী পুলিশ (কেএমপি) ছাড়াও পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা সম্পন্ন হলে উদ্ধারকৃত আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
