UsharAlo logo
, |

শরিফ ওসমান বিন হাদীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে — মঞ্জু

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর ওপর হামলাকে বাংলাদেশের ওপরই হামলা বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ও খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি পরিকল্পিত ও পেশাদার খুনের প্রচেষ্টা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরিফ ওসমান বিন হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে খুলনায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। মিছিলটি নগরীর খান এ সবুর রোডে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে পিকসার প্যালেস মোড়, ডাকবাংলা, চেম্বার ভবন প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীর ওপর প্রাণনাশের হামলা একটি ভয়ংকর বার্তা বহন করে। এটি গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্র। তিনি বলেন, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই হবে এ সংকট মোকাবিলার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, শরিফ ওসমান বিন হাদী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার সুস্থতা কামনায় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, শমসের আলী মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

বিক্ষোভকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসমুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।

ঊআ-মোহন চৌধুরী