খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের মূল্যায়ন ও সহকর্মী শিক্ষকদের শ্রেণি পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘এনহ্যান্সিং টিচিং কোয়ালিটি থ্রু স্টুডেন্ট ইভ্যালুয়েশন অ্যান্ড পিয়ার ক্লাস অবজারভেশন’ শীর্ষক সেমিনারে এ গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষাদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের মূল্যায়ন এবং শ্রেণি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মতামত পাঠদান পদ্ধতির কার্যকারিতা নিরূপণ ও শিক্ষার সীমাবদ্ধতা চিহ্নিত করতে সহায়তা করে। অন্যদিকে, সহকর্মী শিক্ষকদের পারস্পরিক শ্রেণি পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় এবং পাঠদান কৌশলের উন্নয়ন সম্ভব।
তিনি শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষণপদ্ধতি অনুসরণে শিক্ষকদের আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান।
সেমিনারে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি, সহকর্মী শিক্ষকদের শ্রেণি পর্যবেক্ষণের কার্যকর কৌশল, পাঠদানের মান যাচাই এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।
ঊআ- মোচৌ
