UsharAlo logo
, |

শিপইয়ার্ড সড়কের জরুরি সংস্কার শুরু: কেডিএ চেয়ারম্যান

Mohon Chowdhury
জুলাই ১৩, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কে জনদুর্ভোগ কমাতে জরুরি সংস্কারকাজ শুরু করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। সোমবার (১৩ জুলাই) দুপুরে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইটের খোয়া ফেলে চলাচল উপযোগী করার কাজ পরিদর্শনকালে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা এ তথ্য জানান।

তিনি বলেন, শিপইয়ার্ড সড়কটি এ অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ, যানবাহনের চালক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আইনি ও প্রশাসনিক জটিলতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে মূল উন্নয়নকাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।

কেডিএ চেয়ারম্যান জানান, স্থায়ী উন্নয়নকাজ শেষ না হওয়া পর্যন্ত জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়েছে। আপাতত সড়কটিকে যান চলাচলের উপযোগী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য, যাতে পিচঢালা স্থায়ী কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।

তিনি আরও বলেন, খুলনার উন্নয়ন মানে এ অঞ্চলের মানুষের উন্নয়ন। একটি আধুনিক, সুন্দর ও যানজটমুক্ত খুলনা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সড়কটির স্থায়ী উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শাজাহান জমাদ্দারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।