UsharAlo logo
, |

শিপইয়ার্ড সড়কে স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজে মহানগর বিএনপি

Mohon Chowdhury
জুলাই ১২, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে সাময়িক সংস্কারকাজ করেছে খুলনা মহানগর বিএনপি। দলের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি নিজেই কাদা-পানিতে নেমে সড়কের বড় বড় গর্তে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার কাজ করেন। পরে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীও স্বেচ্ছাশ্রমে অংশ নেন। কয়েক ঘণ্টাব্যাপী এ কার্যক্রমে সড়কের ঝুঁকিপূর্ণ অংশে ইট ফেলে যান চলাচলের জন্য সাময়িকভাবে উপযোগী করা হয়।

কর্মসূচি শেষে শফিকুল আলম তুহিন বলেন, শিপইয়ার্ড সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ রোগী এবং শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘব করা বিএনপির নৈতিক দায়িত্ব। স্থায়ীভাবে সড়কটির সংস্কার না হওয়া পর্যন্ত মানুষের চলাচলের ন্যূনতম সুবিধা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় ব্যবসায়ী, রিকশাচালক ও পথচারীরা জানান, সড়কের কাদা ও বড় বড় গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি ছিল। সাময়িক সংস্কারের ফলে এখন কিছুটা স্বস্তির সঙ্গে চলাচল করা সম্ভব হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিদ আলী, কে. এম. হুমায়ুন কবীর, মো. মজিবুর রহমান, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান সজীব তালুকদার, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, অ্যাডভোকেট হালিমা আক্তার, রবিউল ইসলাম রুবেল, কাজী আব্দুল জলিল, শেখ আদনান ইসলাম, মো. নাসির উদ্দিন, গাজী আফসার উদ্দিন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মো. আমিন আহমেদ, হেলাল ফারাজী, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান খান আপন, মোফাসসের হোসেন লেনিন, বজলুর রশীদ রুবেল, মো. নাদিম, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, সাব্বির হোসেন তুষার, ইয়াকুব, জাকির হোসেন, ইকবাল, সায়েম, মিজান, জাহাঙ্গীর, রিপন, আব্দুর রহিম, নিশান, রানা, হানিফ, বাদলসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।