খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান। শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তর-এর মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, দেশে হঠাৎ করে শিশুদের মধ্যে হাম-এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে। একটি শিশুও যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে আয়োজিত জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেসিসি’র স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উল্লেখ্য, দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে খুলনা মহানগরীতেও এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। কেসিসি’র স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নির্ধারিত সময়ে মহানগরীতে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। অভিভাবকদের যে কোনো কার্যদিবসে নিকটস্থ টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব, বেসরকারি সংস্থা এ্যাডামস-এর প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান, বাপসা’র প্রজেক্ট ম্যানেজার গোলাম রসুল এবং সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিক ম্যানেজার নাসরিন আক্তার। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সিটি ল’ কলেজে একাডেমিক ভবনের বর্ধিত অংশের নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
দুপুরে তিনি নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত “জলবায়ু সহিষ্ণু নগর সুশাসনে নারী ও তরুণ নেতৃত্ব শক্তিশালীকরণ” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন, যা আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। অনুষ্ঠানে কেসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
