UsharAlo logo
, |

শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবায় কেসিসিতে মতবিনিময়

Mohon Chowdhury
জুন ২১, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা মেডিস্টান হেলথকেয়ারের একটি প্রতিনিধি দল খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) মতবিনিময় সভা করেছে।

শনিবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় আন্তর্জাতিক সংস্থা মেডিস্টান হেলথকেয়ারের পরিচালক ডা. মাসকুর উসমানীর নেতৃত্বে প্রতিনিধি দল কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

মতবিনিময় সভায় কেসিসি প্রশাসক আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, হার্ট, নিউরো ও অর্থোপেডিক রোগে আক্রান্ত ০ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সংস্থাটি কাজ করছে। বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশে তারা এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

সভায় কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ডা. মো. বরকত উল্লাহ এবং গ্লোবাল-খুলনার প্রেসিডেন্ট শাহ মামুনুর রহমান তুহিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।