শিশুশ্রম নিরসনে সরকারি-বেসরকারি সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। অভিভাবকদের আর্থিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।
মঙ্গলবার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ প্রণয়ন, পুনর্বাসন এবং কারিগরি শিক্ষার আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
