UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে কৃষকদের সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ’র আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত গাবুরা ইউনিয়নের ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মোট ২৫ জন অংশগ্রহণকারী অংশ নেন, যার মধ্যে ১৮ জন নারী ও ৭ জন পুরুষ ছিলেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, এমঅ্যান্ডই (মিল) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, গাবুরায় অনেক সংস্থা বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করলেও কৃষিতে অভিযোজন কৌশল নিয়ে ফেইথ ইন এ্যাকশন আয়োজিত এ তিন দিনব্যাপী প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তিনি জনগণের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান।

শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, কৃষিতে অভিযোজন কৌশল বিষয়ে এত বড় পরিসরে তথ্যবহুল প্রশিক্ষণ এই এলাকায় আগে অনুষ্ঠিত হয়নি। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের বাস্তবিকভাবে উপকৃত করবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের লবণাক্ততা সহনশীল ফসল ও সবজি চাষের আধুনিক পদ্ধতি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষি ব্যবস্থাপনা এবং টেকসই কৃষি উৎপাদন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকেরা বাস্তবমুখী জ্ঞান অর্জন করে তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবেন।

ঊআ-রহমাতুল্লাহ