বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শিক্ষা ছাড়া কোনো জাতিগোষ্ঠী মাথা তুলে দাঁড়াতে পারে না। আর্থিক সংকটের কারণে শ্রমিক পরিবারের অনেক সন্তান এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, যা জাতির জন্য অশনিসঙ্কেত। তিনি বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি পরিবারের সামগ্রিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে।
মহান ১ মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর খালিশপুরের বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। এছাড়া শ্রমিক নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আজিজুল ইসলাম ফারাজী বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শ্রমিকের অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
ঊআ-মোচৌ
