ঊষার আলো ডেস্ক : ক্লাব বার্সেলোনাকে বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি।
তার আগে গত বৃহস্পতিবারই নিশ্চিত হয় বার্সার জার্সিতে আর খেলতে দেখা যাবে না তাকে।
অনেক কাঠখড় পুড়িয়েও কাতালান জায়ান্টদের পক্ষে তার সাথে নতুন চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি।
নিজের বিদায়ী বক্তব্যের শুরুতেই মেসি জানান, ‘সত্যি বলতে আমি জানি না যে কি বলবো। গত কিছুদিন ধরেই আমি ভেবছি কি বলবো তবে সত্যটা হচ্ছে, আমি কিছুই ভাবতে পারছি না। এত বছর প্রায় পুরো জীবনটাই এখানে থাকার পর এটা আমার জন্য অনেক কঠিন আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না।’
‘২১ বছর পর আমি আমার ৩ কাতালান-আর্জেন্টাইন সন্তান নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এই শহরেই থেকেছি আমরা এটাই আমাদের ঘর। সবকিছুর জন্য আমি গর্বিত আমার সতীর্থদের জন্য ও যারা আমার পাশে ছিলেন তাদের জন্য। আমি এই ক্লাবের জন্য সেই শুরু থেকে শেষ দিন পর্যন্ত সামর্থ্যের সবটুকুই দিয়েছি। আমি বিদায়ের কথা কখনো ভাবতে পারিনি। আমি এখনও এই ক্লাব ছাড়া এবং জীবন বদলে যাওয়ার বাস্তবতা বুঝতে পারছি না। তবে এটা মেনে নিতেই হবে ও সামনে এগিয়ে যেতে হবে।’
কিন্তু বিদায়বেলায় কোনও একদিন ফের বার্সায় ফেরার আশাবাদ ব্যক্ত করে মেসি বলেন, ‘এখানে অনেক ভালো সময় ও খারাপ সময় কাটিয়েছি। তবে এখানকার মানুষদের ভালোবাসা একইরকম ছিল। আমি আশা করি কোনও একদিন ফের এই ক্লাবের সাথে যুক্ত হতে পারবো, সেটা যেকোনোভাবে হতে পারে। এই ক্লাবকে আমি বিশ্বের সেরা হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে চাই। আরও অনেককিছু বলার ছিল, আমি অনেক ভেবেছি ও আর কিছু বলতে পারছি না, সবাইকে অনেক ধন্যবাদ। ’
ছুটি কাটিয়ে ফিরেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ড চুক্তি নিয়ে সাথে বৈঠকে বসেছিলেন। এরপরই এলো দুঃসংবাদটি বার্সেলোনায় মেসি যুগের অবসান ঘটলো।
বার্সেলোনার পক্ষ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে ১৭ বছর পর বিদায় নিলেন মেসি।
বার্সা একটি বিবৃতিতে জানিয়েছে, দু’পক্ষ আর্থিক বিষয় ও চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছিল। তবে লা লিগার আরোপিত অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতায় দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হচ্ছে না।
(ঊষার আলো-এফএসপি)
