UsharAlo logo
, |

সংবিধান সংস্কারের দাবি জামায়াত নেতার

Mohon Chowdhury
জুলাই ১৪, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান সংবিধান সংস্কার ও জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় এসে জুলাইকে ঘিরে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এবং সংবিধান সংস্কারের উদ্যোগ না নিয়ে জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সোনাডাঙ্গা থানার ২৫ নম্বর ওয়ার্ড উলামা ও যুব বিভাগের উদ্যোগে সোহরাওয়ার্দী কলেজ মাঠ ও নজরুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, জনগণের গণরায়কে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদে আলোচনা, বিশেষ কমিটি গঠন এবং সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করা উচিত। তিনি বলেন, এ বিষয়গুলো সংসদে নিষ্পত্তি না হলে বিরোধী দল রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হতে পারে।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলজ, বনজ ও ঔষধি গাছ মানুষের জীবন ও জীবিকার জন্য অত্যন্ত উপকারী। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শুধু একটি মাস নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা সঠিকভাবে তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

২৫ নম্বর ওয়ার্ড উলামা বিভাগের সভাপতি হাফেজ আবু মূসার সভাপতিত্বে এবং যুব বিভাগের সভাপতি হাফেজ গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুর রহমান নাঈম, সোনাডাঙ্গা থানা ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. মইনুল ইসলাম, পেশাজীবী নেতা আব্দুল্লাহ আল মামুন প্রিন্সসহ স্থানীয় নেতৃবৃন্দ।