গণতান্ত্রিক শক্তিগুলো যদি একটি গণতান্ত্রিক রাজনৈতিক জোটে ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ না সৃষ্টি করে, তবে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব—এমন মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বড় ধরনের শক্তি কাজ করছে, যাদের মূল উদ্দেশ্য আসন্ন নির্বাচনকে বানচাল করা। এই হামলা ছিল সিম্বলিক, যার মাধ্যমে তারা শক্তি প্রদর্শন করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করতে হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শিববাড়ি মোড় এলাকায় অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক (কেডিএ শাখা), ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, কমার্শিয়াল ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, মিডল্যান্ড ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক, বীমা অফিস ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ছোট বয়রা পূজাখোলা সর্বজনীন মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু। ডা. পরিতোষ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং বিপ্লব মিত্র ও অনিক বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, হিংসা-বিদ্বেষ ও সহিংসতা পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়-অবিচার প্রতিরোধ করা সকল নাগরিকের কর্তব্য।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের ধর্মীয়, সামাজিক ও নাগরিক নিরাপত্তা রক্ষায় বিএনপি সব সময় সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ছোট বয়রা খ্রিস্টান পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব দেশ, সমাজ ও মানুষের সার্বিক কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়া।
সবশেষে তিনি উভয় সম্প্রদায়ের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, সাদিকুর রহমান সবুজ, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মেশকাত আলী, মোহাম্মাদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ঊআ-মোহন চৌধুরী
