UsharAlo logo
, |

সমন্বিত পরিকল্পনায় পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

ঊষার আলো ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। পরিকল্পনা প্রণয়নের পর তা নগরবাসীর সামনে উপস্থাপন করে তাদের মতামত নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবা বৃদ্ধি লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রশাসক মাঠপর্যায়ে কর্মরত সুপারভাইজারদের কাছ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়গুলো শোনেন। তিনি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় বর্জ্য পরিবহনের সময় যাতে সড়কে না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়। সড়কে দীর্ঘ সময় কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত কনজারভেন্সি বিভাগকে অবহিত করা, নির্মাণসামগ্রী দ্রুত অপসারণে ঠিকাদারদের বাধ্য করা এবং বাড়ির মালিকদের নির্মাণসামগ্রী পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে বাধ্য করার নির্দেশনা দেওয়া হয়। ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের এসব কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। উপস্থিত ছিলেন সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কনজারভেন্সি কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. ওয়াহিদুজ্জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সকালে প্রশাসক নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবন এবং কাস্টম ঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

ঊআ- মোচৌ