UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে দক্ষ প্রজন্ম গড়ে তুলছে সরকার : প্রতিমন্ত্রী অমিত

Mohon Chowdhury
আগস্ট ২৮, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি স্কুল পর্যায় থেকে তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠতে পারে।

শুক্রবার দুপুরে যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার জিডিপির প্রায় দুই শতাংশ বরাদ্দ দিয়েছে, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য। আগামী দিনে এ বরাদ্দ ধাপে ধাপে বাড়িয়ে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মেধাবী ও প্রতিযোগিতামূলক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখবে।

তিনি বলেন, শিশু-কিশোরদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে পারে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্য ইসলাম অমিত প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব সম্প্রসারণ এবং লাইব্রেরির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হয়।