খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় সাংবাদিকদের যেকোনো আন্দোলন ও কর্মসূচির সঙ্গে বিএনপির একাত্মতা থাকবে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এস এম শফিকুল আলম মনা নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধপ্রবণতা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে সচেতন সাংবাদিকসহ সকল নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড বা দুর্বৃত্তায়নের চেষ্টা করে, তাহলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এ বিষয়ে সাংবাদিকদেরও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলী প্রমুখ।
মতবিনিময় সভায় সম্প্রতি নগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলা এবং এমইউজের চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতাদের অবহিত করা হয়। এ সময় বিএনপি নেতারা সাংবাদিকদের আরও কঠোর কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন এবং ভবিষ্যতের কর্মসূচিগুলোতে উপস্থিত থেকে সমর্থন দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এর আগে বিকেলে এমইউজে খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত হাসান আহমেদ মোল্লার বিরুদ্ধে ইউনিয়নের নাম ব্যবহার করে বিভিন্ন সভা আয়োজনের অভিযোগ তুলে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়। একই সঙ্গে তথাকথিত সাধারণ সভা ও ঘোষিত নির্বাচনের তারিখের সঙ্গে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোনো সম্পৃক্ততা নেই বলেও সভায় উল্লেখ করা হয়। বিষয়টি বিএফইউজে নেতৃবৃন্দকে অবহিত করা হলে তারা রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা ও রকিবুল ইসলাম মতির নেতৃত্বাধীন বর্তমান কমিটির সঙ্গে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
