৭১ টেলিভিশনের রিপোর্টার রাজু হাওলাদারের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে অসৌজন্যমূলক আচরণ, দুর্ব্যবহার ও কটুক্তির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির বলেন, রোববার সকালে রাজু হাওলাদার বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের কাছে নির্ধারিত সময়ের পরে অফিসে আসার কারণ জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদর্শন করেন। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
নেতৃদ্বয় অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, সরকারি কর্মকর্তার এমন আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
এদিকে পৃথক বিবৃতিতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, মাগুরা জেলা শাখার সভাপতি মো. ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, মেহেরপুর জেলা শাখার সভাপতি মাহবুবুল হক পোলে ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
