UsharAlo logo
, |

সাংস্কৃতিক চর্চা সমৃদ্ধ করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

Mohon Chowdhury
আগস্ট ৮, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সংস্কৃতি সুন্দর মন গঠন করে এবং মানুষকে সঠিকভাবে বাঁচতে শেখায়। একসময় সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় সমৃদ্ধ খুলনা বর্তমানে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তাই সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুক্রবার বিকেলে নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে শিল্পাঙ্গন একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিল্পাঙ্গন একাডেমী যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে জন্য সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

অনুষ্ঠানে শিক্ষায় মো. সাইফুল ইসলাম, গীতিকার হিসেবে মোস্তফা নুরুজ্জামান, গবেষণায় এ এইচ এম জামাল উদ্দীন, আবৃত্তিতে শরীফ উদ্দীন টিটু, সংগঠনে খন্দকার খলিলুর রহমান এবং চারুকলায় মো. আলাউদ্দীন বিপ্লবকে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক সংগঠন ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।

এর আগে সকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড, গগনবাবু রোড, বাঁশপট্টি রোড, রূপসা চর বস্তি, রূপসা খ্রিস্টান চর কলোনিসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন।