UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাইফকে হামলার মামলায় নতুন মোড়

বিনোদন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ সালের ১৬ জানুয়ারি এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ করা হয়। সেই ঘটনায় শরিফুল ইসলাম নামে এক দুষ্কৃতকারী পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে জোর করে ঢুকে আক্রমণ করে পালিয়ে যায়।

দুষ্কৃতকারী শরিফুল ইসলাম বাথরুম দিয়ে অভিনেতার ছোট ছেলে জেহের ঘরে প্রবেশ করে। সাইফ যখন সন্তানদের বাঁচাতে তাদের ঘরে যান, তখন শরিফুল তাকে ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যায়। সেই হামলায় সাইফ আলি খান গুরুতর আহত হন। এবং লীলাবতী হাসপাতালে চিকিৎসা নেন। তাৎক্ষণিক সাইফের কোমর থেকে ছুরির একটি ভাঙা টুকরো বের করা হয়। প্রায় পাঁচ দিন হাসপাতালে থাকার পর ছাড়া পান তিনি। সেই ঘটনায় মামলা হয়। এবার মামলায় নতুন মোড় নিয়েছে।

প্রায় দেড় বছর পর এ মামলায় একটি বড় আপডেট এসেছে। দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিযুক্ত শরিফুল ইসলাম। শুক্রবার (২৮ আগস্ট) আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং মার্সি পিটিশনের আবেদন জানিয়েছেন এ দুষ্কৃতকারী।

এ মামলার অভিযুক্ত শরিফুল ইসলাম বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, শরিফুল ইসলাম দোষ স্বীকার করে এবং দয়া প্রার্থনা করে আদালতে একটি আবেদন করেছেন। আদালত অভিযুক্তের আবেদনের বিষয়ে সরকারি কৌঁসুলির কাছে জবাব চেয়েছেন। এ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর।

এ মামলায় অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখ শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারায় মারাত্মক অস্ত্রসহ ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিদেশি আইন ও পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালার প্রাসঙ্গিক ধারায়ও অভিযোগ আনা হয়েছে।

ঊষার আলো-এসএ