চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং একাধিক চিহ্নিত আসামি গ্রেফতারে বিশেষ অবদান রাখায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন খুলনার লবনচোরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল ইসলাম।
গত ২৬ সেপ্টেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাউদ্দিন আহমেদ তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে পদকের ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলার রূপসা থানায় কর্মরত থাকাকালে এসআই আশরাফুল ইসলাম একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে এ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং খুলনা অঞ্চলের সাধারণ মানুষের প্রতি উৎসর্গীকৃত। তিনি বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি এ অর্জনের পেছনে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রূপসা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
