UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সিরাতুন্নবী (স.)-এর আদর্শ অনুসরণের আহ্বান কেসিসি প্রশাসকের

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সততা, সহমর্মিতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

সোমবার দুপুরে নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সিরাতুন্নবী (স.) বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু শিক্ষার্থীদের মহানবী (স.)-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন এবং তা বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলতে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আবুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আলিমুজ্জামান। এ সময় সমাজসেবক জাহিদুল ইসলাম খোকন, মো. সাইফুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা হামদ, নাত ও কিরাত পরিবেশন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।