ঊষার আলো রিপোর্ট : শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ট্রাক চালকরা। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন অফিস ও স্কুলগামী শিক্ষক শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন।মঙ্গলবার (৮ মার্চ ) সকাল ৮টার দিকে সড়কের কুমারগাও তেমুখি বাইপাস এলাকার রাস্তার ওপর ট্রাক রেখে বিক্ষোভ করতে শুরু করে চালকরা।
অবরোধকারী ট্রাক চালকরা জানান, সোমবার (৭ মার্চ) রাতে সিলেট কতোয়ালী থানা পুলিশ ওসমানী মেডিক্যাল কলেজের উন্নয়ন কাজে মালামাল পরিবহনকারী ট্রাক আটকিয়ে চালককে মারধর করে। বিষয়টি জানার পর শ্রমিক নেতা কালা মিয়া ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকেও মারধর করে। এর প্রতিবাদে সকাল থেকে ট্রাক চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এদিকে সড়ক অবরোধের কারণে অফিস ও স্কুলগামী লোকজনকে দুর্ভোগে পড়তে হয়েছে। আব্দুল আউয়াল নামের এক স্কুল শিক্ষক জানান, তিনি শহর থেকে ছাতকে যাওয়ার জন্য আম্বরখানা থেকে সিএনজি অটোরিকশায় করে রওনা হন। কুমারগাও বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে অবরোধের মুখে পড়েন। পরে দুই কিলোমিটার পায়ে হেটে অন্য পরিবহনে গন্তব্যে যাত্রা করেন।
সুলতান আহমদ নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘অবরোধের কারণে মোটরসাইকেল পর্যন্ত সড়কের পাশ দিয়ে যেতে পারছেনা। শ্রমিক ও চালকরা পুরো সড়কে ট্রাক এলোপাতাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সাধরণ পরিবহন চালকদের সঙ্গে তারা খারাপ আচরণ করছে।’সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফুল্লাহ তাহের জানান, ‘যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করছে।’
ঊষার আলো-এসএ
