UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

ঊষার আলো রিপোর্ট
অক্টোবর ৩১, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। গত কয়েক বছরের ফলাফলের তুলনায় এবার পাশের হার সর্বনিম্ন। এ ছাড়া ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেননি। শতভাগ পাস করেছে মাত্র ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল ঘোষণা করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

তিনি জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাশ করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। পাশের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

বিভাগভিত্তিক ফলাফলে পাশের হারে এগিয়ে রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাশের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে, মানবিক বিভাগে পাশের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

এবার ছেলেদের পাশের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের ৫০ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছেন। ছেলেদের মধ্যে ১ হাজার ৩৮৩ জন এবং মেয়েদের মধ্যে ১ হাজার ৫৭০ জন জিপিএ-৫ পেয়েছেন। অর্থাৎ, পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।

ঊষার আলো-এসএ