গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতো বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের খুলনার নেতারা। গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে এ দুটি বিষয় বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে খুলনার আহছান উল্লাহ কলেজে মহানগর ও জেলা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। জেলা কমিটির সম্পাদক এসএম সোহরাব হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর কমিটির সম্পাদক এসকেএম তাছাদুজ্জামান, নিজাম উর রহমান লালু, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আঃ হালিম, শেখ আইনুল হক, সৈয়দ আলী হাকিম, অ্যাডভোকেট মামুনর রশীদ, খলিলুর রহমান সুমন, মাহবুবুল হক, শ্যামল কুমার রায় ও বনানী সুলতানা ঝুমুসহ অন্যরা।
বক্তারা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নগরীতে প্রতিনিয়ত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ নভেম্বর সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরের সামনে মানববন্ধন এবং পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ১২ নভেম্বর সুজন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ঊআ-মোচৌ
