দরিদ্র মানুষের আয়বৃদ্ধিমূলক দর্জিবিজ্ঞান কর্মসূচির আওতায় বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। নারীদের স্বাবলম্বী করতেই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে নগরীর সকল ওয়ার্ডের নারীদের এসব কর্মসূচির আওতায় আনা হবে।
নগরীর নিরালা আবাসিক এলাকায় আশ্রয় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি সুবিধাবঞ্চিত ১৪ জন নারীর মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করেন। সরকারের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে এমন জনহিতকর উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাকেও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, জেলা উপআঞ্চলিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং কেসিসির সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সহকারী পরিচালক বনশ্রী ভান্ডারী।
এর আগে কেসিসি প্রশাসক মোনাজাতের মাধ্যমে নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বায়তুল ঈমান জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানের উদ্বোধন করেন। খুলনা সিটি কর্পোরেশন ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতায় ঈদগাহটি আধুনিকায়ন করা হয়েছে।
পরে তিনি নিরালা পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং নগরবাসীর জন্য আরও আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঊআ-রহ
