UsharAlo logo
, |

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে টেকনাফে নৌবাহিনীর অভিযান, অস্ত্র ও বিপুল ইয়াবা উদ্ধার

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৯ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রফিক ওরফে বরমাইয়া রফিককে আটক করে নৌবাহিনী।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি বিশেষায়িত আভিযানিক দল আলীখালী এলাকার জামাই বাজার সংলগ্ন স্থানে কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় একটি সিএনজি যোগে উক্ত এলাকায় আগমন করলে সন্দেহভাজন মোঃ রফিককে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে সিএনজি থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদে তিনি জানান, মাদকের চালানটি তার দুই সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় মাটির স্তুপের নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা গেছে, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বর্তমানে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

ঊআ-মোহন চৌধুরী