ঊষার আলো রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয়ে ভেসে আসছে শত শত আওরেলিয়া আওরেটা প্রাজাতির মৃত জেলিফিস।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শেষ বিকেলে মৃত এসব জেলিফিস সৈকতে পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা
স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারে শত শত জেলিফিস বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে ভেসে আসে। এছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু জেলিফিস দেখতে পাওয়া গেছে তারা। স্থানীয়দের দাবি, মূলত এসব জেলিফিস জোয়ারের সময় জীবিত অবস্থায় ভেসে আসে। পরে সৈকতের বালিয়াড়িতে আটকে মারা যায় প্রাণীগুলো।
মহিপুরের জেলে জয়নাল মাঝি জানান, বেশ কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে এসব প্রাণীকে সাগরে ভাসতে দেখা যাচ্ছে। অনেক সময় জালেও আটকে যায়। তবে জালে আটকা পড়লে আমরা ছাড়িয়ে দেই।অপর জেলে আনিস মাঝি জানান, আগে সাগরে প্রচুর পরিমানে এসব সাগরের নোনা (জেলিফিস) দেখা যেত। এখনও দেখা যাচ্ছে ,কিন্তু পরিমানে কম।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এগুলো মূলত আওরেলিয়া আওরেটা প্রজাতির জেলিফিস। তবে চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিসও বলা হয়। এগুলা সাতারে তেমন পারদর্শী নয়। সমুদ্রে বাতাসের গতি কিংবা ঢেউয়ের বিপরীতে চলতে পারেনা। অনেক সময় জেলিফিস খাদ্য খুঁজতে উপরের দিকে চলে আসে তবে একেবারে উপরে নয়। হয়ত খাদ্য অন্বেষনে এসে এ প্রানী বাতাসের চাপে সৈকত এলাকায় চলে এসেছে। পরে বালুতে আটকা পরে মারা গেছে।
উল্লেখ্য, জেলিফিস এক ধরনের মেরুদন্ডহীন প্রাণী। নামে ফিস হলেও এটি মাছ নয়। ঘণ্টাকৃতি জেলীসদৃশ প্রানীটিকে প্রানীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তগর্ত। জেলিটিন সমৃদ্ধ ছাতার অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা এদুই অংশে প্রানীটির দেহ গঠিত।
ঊষার আলো-এসএ
