খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, টেকসই উন্নয়নের স্বার্থে অংশীজনদের মতামতের ভিত্তিতেই সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিভাগীয় শহর খুলনার সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন ও শৃঙ্খলা নিশ্চিত করতে বাস টার্মিনালকে মূল শহরের বাইরে স্থানান্তরের বিষয়টি এখন সময়ের দাবি।
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেডিএর সম্মেলন কক্ষে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন নিয়ে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কেডিএ চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোনাডাঙ্গা বাস টার্মিনালকে আন্তর্জাতিক মানের আধুনিক টার্মিনালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, আধুনিক ওয়াশরুমসহ যাত্রীসেবার বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, টার্মিনালের অভ্যন্তরে জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার, যাত্রীদের জন্য পর্যাপ্ত বসার স্থান, নারী ও শিশুদের জন্য পৃথক জোন এবং অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে ই-টিকিটিং ব্যবস্থা ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাস চলাচলের সময়সূচি প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।
সভায় সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের সুপারিশ প্রণয়নের জন্য কেডিএ সদস্য মো. ইকবাল হোসেনকে প্রধান করে একটি উপকমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সভায় আরও জানানো হয়, খুলনা মহানগরীতে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে কেডিএর পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান কেডিএ চেয়ারম্যান।
মতবিনিময় সভায় কেডিএর সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে টার্মিনালের উন্নয়নে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
