বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলরসহ সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, দাওয়া সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
মাহফুজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী মানবকল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করে। একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করতে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। তিনি স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।
তিনি দেশের জ্বালানি, বাজারব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব বিষয়ে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের প্রত্যাশিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি।
সমাবেশে স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়।
