UsharAlo logo
, |

হত্যা, মব সন্ত্রাস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাঙচুরের বিচারের দাবিতে খুলনায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ওসমান হাদি, দীপু চন্দ্র দাস, শিশু আয়েশাসহ সকল হত্যা, মব সন্ত্রাস এবং প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট খুলনা জেলা কমিটি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জাসদ খুলনা মহানগর কমিটির সভাপতি রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ডা. মনোজ দাশ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক ও ফ্রন্টের সদস্য সচিব শেখ আব্দুল হান্নান, বাসদ খুলনা জেলা সদস্য সচিব ও বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির সমন্বয়ক কোহিনুর আক্তার কনা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসান, সিপিবি খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডা. সমরেশ রায়, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সরকার তৎক্ষণাৎ রেড এলার্ট জারি না করে হত্যাকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে তারা অভিযোগ করেন। সরকারের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে উগ্রবাদী গোষ্ঠী প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, একই সময়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পরে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়। লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে ঘরে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। খুলনাসহ সারাদেশে প্রায় প্রতিদিন হত্যা, হামলা ও অরাজক ঘটনা ঘটছে, যা জনগণের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। এসব ঘটনার দায় সরকারকেই নিতে হবে বলে তারা দাবি করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার ফলে দেশে ভয়াবহ অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার মতো করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা এসব সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সম্ভাবনার কথাও তুলে ধরেন এবং বলেন, সরকারি ইন্ধন ছাড়া এ ধরনের খুন, সন্ত্রাস ও হামলা করে দায়মুক্তি পাওয়া সম্ভব নয়।

সমাবেশ থেকে অবিলম্বে গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের সকল চক্রান্ত প্রতিহত করা, ওসমান হাদি, দীপু চন্দ্র দাস, শিশু আয়েশাসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার, মব সন্ত্রাস বন্ধ এবং সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

ঊআ-মোহন চৌধুরী