UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে অগ্নিনিরাপত্তা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ

Mohon Chowdhury
নভেম্বর ১৫, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, জেলার সব হাসপাতালে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চলমান ওএমএস কার্যক্রমে মনিটরিং বাড়ানোর পাশাপাশি দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রত্যেক জেলায় কমিটি গঠন এবং চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

সভায় সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান জানান, খুলনায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ কমে আসছে। প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান আরও কার্যকর করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধকালীন গত মাসে ৩৯টি মোবাইল কোর্ট ও ১৩৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২ লাখ মিটার জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩২টি কৃষক কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা পূরণে অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ