UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : দেড় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে দ্বিগুণ। ২২ থেকে ২৪ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতাসহ খুচরা ব্যবসায়ীরা।মূলত এই বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বাড়ার মূল কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, দেড় সপ্তাহ আগে এই বাজারে দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছিল ২২ থেকে ২৪ টাকা কেজি দরে। তা খুচরা বিক্রি হয়েছিল ২৬ থেকে ২৮ টাকা দরে। গত তিন দিনের ব্যবধানে সেই পেঁয়াজ আজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। পেঁয়াজের দাম বাড়ায় হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।

হিলি বাজারে সবজি কিনতে আসা ভ্যান চালক গোলাম রাব্বানী বলেন, ‘বাজারে সব ধরনের সবজির দাম অনেক বেড়ে গেছে। পেঁয়াজের দামটা নাগালের মধ্যে ছিল। শুক্রবার বাজারে এসে দেখি পেঁয়াজের দামও অনেক বেশি। দিনে যা কামাই হয় তা দিয়ে বাজার খচর করে হিসেব মিলাতে পাড়ছি না।’

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘হঠাৎ করেই পেঁয়াজের দামটা বেড়ে গেছে। দেশি পেঁয়াজের পাশাপাশি ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে গেছে। যার প্রভাবে পেঁয়াজের দামটাও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের আমদানি বাড়লে আবারও দাম কমে যাবে বলে আশা করছি।’

ঊষার আলো-এসএ