খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের বাংলার মোড়ে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান।
জনসভায় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোট সফল হলে জুলাইয়ের শহীদদের সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের ‘লাল কার্ড’ দেখানোর কথাও উল্লেখ করেন।
১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি বিপ্লব হোসেন বাবুর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন শেখ, এডভোকেট জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তিনি সাধারণ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটের অধিকার নিশ্চিত করা এবং সহিংসতা ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
জনসভা শেষে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
ঊআ-রহমাতুল্লাহ
