ঊষার আলো ডেস্ক : সারা বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। মুক্তির কেবল দ্বিতীয় দিনেই সিনেমাটি রেকর্ড পরিমাণ আয় করেছে।
সিনেমাটি ৩০০ মিলিয়ন ডলারের ঘর পেরিয়ে এখন ছুটে চলেছে ৫০০ মিলিয়ন ডলারের দিকে! মূলত এখন পর্যন্ত ৫টি সিনেমা দুইদিনে এ পরিমাণ আয় করার ইতিহাসের অংশ হতে পেরেছে। সে তালিকায় ‘স্পাইডার-ম্যান’ আছে ষষ্ঠ অবস্থানে।
মহামারি করোনার মন্দাভাব কাটিয়ে সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাচ্ছে। করোনা পরবর্তী এটিই প্রথম সিনেমা, যা সর্বোচ্চ দর্শক টেনেছে।
মার্কিন সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, শনিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত প্রায় ৩০২ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছে ‘স্পাইডার-ম্যান’। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ হাজার ৬১৪ কোটি টাকার বেশি।
‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেন জন ওয়াটস। এবার পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড। আরও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো ও জেমি ফক্সসহ অনেকে।
গত ২৯ নভেম্বর আন্তর্জাতিকভাবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার আগাম টিকিট বিক্রি করা শুরু হয়। এরপর দর্শকরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়লে টিকিটের চাহিদার চাপে ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।
এদিকে অনলাইন টিকেটিং সার্ভিস ফ্যানড্যানগো জানিয়েছে, ২০২১ সালে তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রেও সবাইকে ছাড়িয়ে গেছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’।
সিনেমাটির সাফল্যে টম হল্যান্ড রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
(ঊষার আলো-এফএসপি)
