আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে খুলনা মহানগরী ও জেলার প্রতিটি স্তরে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী ও জেলা জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোবারক হোসাইন বলেন, দেশ ও জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও ছাত্র-জনতা তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। অন্যায়, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। লংমার্চ সফল করতে সব বাধা অতিক্রম করে শৃঙ্খলার সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ বাস্তবায়নে ওয়ার্ড, থানা, ইউনিয়ন ও পাড়া-মহল্লা পর্যায়ে সাধারণ মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দিতে হবে। খুলনা অঞ্চল অতীতেও জাতীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, ১১ দলীয় ঐক্যের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পরিবর্তন এবং দেশ গড়ার একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি ও মাস্টার শফিকুল আলম, সিলেট মহানগরী আমীর মু. ফখরুল ইসলাম, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, অধ্যাপক আবু রুবাবা, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর ও অধ্যাপক ইকবাল হোসেনসহ অন্যরা।
সমাবেশে মোবারক হোসাইন লংমার্চের মঞ্চ, সাজসজ্জা, সাউন্ড সিস্টেম, পরিবহন, আপ্যায়ন, অতিথি ব্যবস্থাপনা, প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগসহ বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এর আগে তিনি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নগরীর শিববাড়ি এলাকার বাবরি চত্বরের নির্ধারিত পথসভাস্থল পরিদর্শন করেন এবং লংমার্চের গাড়িবহরের সম্ভাব্য রুট ঘুরে দেখেন।
ঊআ- মোচৌ
