UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৮ জানুয়ারি কুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

Mohon Chowdhury
আগস্ট ২৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এবার ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিনটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে গ্রহণ করা হবে। এ লক্ষ্যে একটি ভর্তি পরীক্ষা কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ আরও সহজতর করা এবং যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমানোর লক্ষ্যে তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলের নিকটবর্তী কেন্দ্র বেছে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

কুয়েট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ সিদ্ধান্তের ফলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসনজনিত দুর্ভোগ কমবে। পাশাপাশি ভর্তি কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল, শিক্ষার্থীবান্ধব ও কার্যকর হবে।