UsharAlo logo
, |

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

‘না’ ভোট দুর্নীতি-চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায়’

স্কিপ: খুলনা-৫ আসনে গণসংযোগে মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য

খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছে তারা দুর্নীতি ও চাঁদাবাজির বর্তমান ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়।

সোমবার (২৬ জানুয়ারি) ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভা, মিছিল, উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে না পারলে গত ৫৪ বছরে যে দুর্ভোগ, দুর্নীতি ও অব্যবস্থাপনা চলেছে তা আবারও অব্যাহত থাকবে। ছাত্রসমাজ ইতোমধ্যে বিভিন্ন নির্বাচনে চাঁদাবাজদের পরাজিত করেছে উল্লেখ করে তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনেও দুর্নীতিবাজদের পরাজিত করা সম্ভব।

ভোটারদের উদ্দেশে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে নৈতিক ও চরিত্রবান নেতৃত্বের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ধানের শীষ, নৌকা, লাঙ্গল রাষ্ট্র পরিচালনা করতে পারলে দাঁড়িপাল্লাও পারবে—এটা আমাদের অধিকার।” একই সঙ্গে তিনি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

গণভোট প্রসঙ্গে তিনি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি যুবকদের ভোটকেন্দ্র পাহারায় সতর্ক থাকার কথাও বলেন।

নির্বাচিত হলে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এলাকার রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে কাজ করা হবে।

দুর্নীতি প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ পূর্ববর্তী সরকারগুলোকে দায়ী করে বলেন, গত ৫৪ বছরে কেউই দুর্নীতিমুক্ত শাসনের দাবি করতে পারে না। ভোট কেনার উদ্দেশ্যে দেওয়া কালো টাকা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট বিক্রি করা মানে ভবিষ্যৎ বিক্রি করা।

এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঊআ-রহমাতুল্লাহ