মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক মোঃ মোখতার আহমেদ।
সভা শুরুর আগে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোনসহ জুলাই ২০২৪-এ আত্মদানকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, কেসিসির সকল স্থাপনা ও নগরীর শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, সড়কদ্বীপ, আইল্যান্ড ও কেসিসির দৃষ্টিনন্দন ভবনগুলো জাতীয় পতাকায় সজ্জিত করা এবং নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালি ভাস্কর্য ও শহীদ হাদিস পার্কে আলোকসজ্জা করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিশুদের জন্য খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীর লিনিয়ার পার্ক সারাদিন বিনামূল্যে উন্মুক্ত থাকবে।
সভায় আরও জানানো হয়, সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ও জাতির শান্তি-অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
ঊআ-মোহন চৌধুরী
