UsharAlo logo
, |

দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: অধ্যাপক মাহফুজুর রহমান

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দেশব্যাপী গণমানুষের প্রতীক ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। খুলনা-৩ আসনে এ গণজোয়ারকে আরও বেগবান করতে হবে। দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা ও খানজাহান আলী থানার জনগণসমৃদ্ধ এলাকাগুলো এই আসনকে সম্ভাবনাময় করেছে। তিনি বলেন, “এ আসন বিপুল সম্ভাবনার ময়দান। নিয়মিত গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে পারলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”

রোববার রাতে দৌলতপুর দিবা-নৈশ কলেজ অডিটোরিয়ামে খুলনা-৩ আসনের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদের বিপক্ষে যারা ‘না বাক্সের’ জন্য প্রচার চালাবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। একই সঙ্গে জামায়াতের দাবিগুলো ভোটারদের কাছে তুলে ধরতে নিয়মিত ক্যাম্পেইন চালানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা-৩ আসনের আসন পরিচালক আজিজুল ইসলাম ফারাজী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অধ্যাপক ইকবাল হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারী, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মোশারফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, ব্যাবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনামলে ইসলামপন্থীরা রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। বিদেশী আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানকরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নির্যাতন করেছে, কারাগারে পাঠিয়েছে, এমনকি ফাঁসিও দিয়েছে। তবু তারা মাথা নত করেননি। তিনি অভিযোগ করেন, বিদেশী আধিপত্যবাদী শক্তি আবারও বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছে।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী