UsharAlo logo
, |

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস-এর বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধানের অংশগ্রহণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে আজ বুধবার (১০ ডিসেম্বর) মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান।

নৌবাহিনী প্রধান তাঁর বক্তব্যের শুরুতেই বিজয়ের এই মাসে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা সকল বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন। তিনি বলেন, “‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ একটি স্বনামধন্য আন্তঃবাহিনী প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ‘সেবাই ব্রত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এমইএসের সদস্যদের আধুনিক প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণনীতির আলোকে কাজ করার আহবান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ, টেকসই নকশা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করলে এমইএস ভবিষ্যতেও তার সুনাম অক্ষুণ্ণ রাখবে। সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান নৌবাহিনী প্রধান।

এ সময় তিনি এমইএস কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি আলোচনা করেন এবং সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত নির্মাণ সামগ্রীর স্টল পরিদর্শন করেন।

সম্মেলনের তৃতীয় দিনে দেশের স্বনামধন্য ৫টি প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন করা হবে, যাতে কর্মকর্তারা কারিগরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই অভিজ্ঞতা সশস্ত্র বাহিনীর চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের গুণগত মান বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া বার্ষিক সম্মেলনে প্রশাসনিক, কারিগরি, আর্থিক, কল্যাণমূলক এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ত পরিদপ্তর, বাহিনী সদর দপ্তর, সেনা, নৌ ও বিমান বাহিনীর এমইএস কর্মকর্তাবৃন্দ এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ঊআ-মোহন চৌধুরী