বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো প্রকারেই হাতছাড়া করতে দেওয়া হবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা ও স্বাধীনতার মূল্যবোধ অটুট রাখতে বিএনপি আপসহীন অবস্থানে রয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) খুলনার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আজিজুল বারী হেলাল বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলতে পেরে তিনি গর্বিত। একই সঙ্গে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে শহিদ ও আহত সকল বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের অসামান্য অবদানকে বিলীন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে বিএনপি স্পষ্ট অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা যায় না। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে—এ অবদান অস্বীকার করার সুযোগ নেই; তবে মহান স্বাধীনতা যুদ্ধের সঙ্গে কোনো অভ্যুত্থানকে এক কাতারে ফেলা অনুচিত।
আজিজুল বারী হেলাল বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তিনি বলেন, আপনারা যদি সেদিন অস্ত্র হাতে যুদ্ধ না করতেন, তাহলে আজও আমরা হয়তো পরাধীন জাতি হিসেবে বেঁচে থাকতাম।
এদিন সন্ধ্যায় তিনি চন্দনীমহলে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। এতে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতা শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, সেতারা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুর রশিদ, মৃণাল হালদার, মাস্টার সাখাওয়াত হোসেন, মনির কমান্ডার ও ইদ্রিস হাওলাদার অংশ নেন। এছাড়া উপজেলা বিএনপির মো. সাইফুর রহমান মিন্টু, মোজ্জামেল শরীফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, কুদরতি এলাহি স্পিকার, আব্দুল কাদের জনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
ঊআ-মোহন চৌধুরী
