UsharAlo logo
, |

কুয়েট ব্যবসায় প্রশাসন বিভাগে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ ডিসেম্বর সকাল ১১টায় ফিতা কেটে ও মশাল জ্বালিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। উৎসবে ত্রিশেরও বেশি প্রকারের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় পিঠা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। ছয়টি স্টলে এসব পিঠা প্রদর্শিত হয়।
উৎসবে মধুস্বাদ, নারকেল পুলি, মালপোয়া, ঝালপুলি, রংবাহারি, ক্ষীরের বরফি, ত্রিবেণি, রোলপুলি, গুড়ের নাড়ু, ঝাল বড়া, রস পাকান, ক্ষীর পাটিসাপ্টা, পুষ্পমঞ্জুরি, দুধচিতই, গোলাপ পিঠা, সুন্দরী লতিকা, ভাপা পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, সেমাই পিঠাসহ নানা ধরনের পিঠা স্থান পায়।
পিঠার স্টলগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ আগ্রহী ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল পাঁচটার মধ্যেই সব পিঠা বিক্রি হয়ে যায়।
পরে বিকেলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আনিসুর রহমান বলেন, শীতের পিঠা আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম থেকে শহর পর্যন্ত আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সামাজিক সম্প্রীতির মেলবন্ধন ঘটে।
তিনি আরও জানান, শীত মৌসুমের শুরুতে এ আয়োজন করা হয়েছে এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অংশগ্রহণে কেন্দ্রীয়ভাবে আরও বৃহৎ পরিসরে পিঠা উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান ও প্রকৌশল অনুষদের ডিন (ইন-চার্জ) ড. মো. মঈন উদ্দিন। পিঠা উৎসব আয়োজক কমিটির সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ইন-চার্জ) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইন-চার্জ) রথীন্দ্র নাথ মহালদারসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী