UsharAlo logo
, |

সাংবাদিক হত্যা, লাঞ্ছনা ও গণমাধ্যমে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে বিজেপিসি

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যা, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)।

ফ্রি-প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর অনুপ্রেরণায় গঠিত সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, এসব ঘটনা স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের ওপর চূড়ান্ত আঘাত। অতীতেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মব ভায়োলেন্স বা সংগঠিত সহিংসতার ঘটনা ঘটেছে। সাংবাদিক লাঞ্ছনা, হত্যা ও হয়রানির মতো গুরুতর অপরাধ সংঘটিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসেনি, এমনকি অনেক ঘটনায় তাদের সনাক্তও করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এসব অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বরং এ ধরনের ঘটনা গণতন্ত্র ও সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি রাষ্ট্রের দায় ও দায়িত্বহীনতার স্পষ্ট বহিঃপ্রকাশ।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি সাংবাদিক মিলন হত্যাসহ সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, মূল পরিকল্পনাকারীসহ দায়ীদের সনাক্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানায়। একই সঙ্গে বিভিন্ন স্থানে সাংবাদিকদের হেনস্তা, হয়রানি, চাকরিচ্যুতি ও হুমকি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান, অভিজিৎ পাল ও রকিবুল ইসলাম মতি। এছাড়াও যুগ্ম সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য আবু হেনা মোস্তফা জামাল পপলু, মোঃ হাবিবুর রহমান, মেহেদী মাসুদ খান, মোঃ মামুন হাচান এবং ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এতে স্বাক্ষর করেন।

ঊআ-মোহন চৌধুরী