UsharAlo logo
, |

খুলনা বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যতিক্রমী মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবন সংলগ্ন পুকুরপাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এ আয়োজনে অংশ নেন।

সকালে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাতসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মাছ ধরার পর বিকেলে সবচেয়ে বেশি ওজনের মাছ শিকার করা তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতি ডিসিপ্লিনের ’২৩ ব্যাচের নাঈমুল হাসান রামিম, দ্বিতীয় হন বিজিই ডিসিপ্লিনের ’২২ ব্যাচের ইয়ামিন এবং তৃতীয় হন ভাস্কর্য ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের আমিরুল এহসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ব্যস্ত একাডেমিক জীবনের ফাঁকে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করে এবং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। তাদের সম্পৃক্ত করে ভবিষ্যতে আরও ব্যতিক্রমী আয়োজন করা হবে।

বিজয়ী শিক্ষার্থীরা জানান, উৎসবমুখর পরিবেশে মাছ ধরার অভিজ্ঞতা ছিল আনন্দঘন। সহপাঠীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নতুন সম্পর্ক গড়ে তোলার সুযোগ হয়েছে। তারা প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

ঊআ- এসডি