অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। সমাজে অসমতা মূলত নারীদের সঙ্গেই ঘটে। তাই নারীদের কেবল মা, বোন বা স্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বিবেচনা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
তিনি আরও বলেন, নারীদের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা এবং তাদের সকল অধিকার প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য। কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি কমফোর্ট রুমের ব্যবস্থা রাখা গেলে তারা ব্যক্তিগত প্রয়োজন মেটানোর পাশাপাশি স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে দাপ্তরিক কাজও করতে পারবেন।
খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। সকালে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের নেতৃত্বে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঊআ-মোচৌ
