ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয় বিষয়ক বিভাগীয় পর্যায়ের তামাকবিরোধী সেমিনার সোমবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
সেমিনারে প্রধান অতিথি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিরুৎসাহিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান বন্ধের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ১৮ বছরের নিচে কারও কাছে তামাকজাত দ্রব্য বিক্রি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই।
অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিভাগীয় প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০২৫ এবং সংশোধনী আইন, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় জানানো হয়, পাবলিক প্লেস, গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। আইন লঙ্ঘনকারীদের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে এবং পুনরায় একই অপরাধ করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে।
সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।
ঊআ-রহ
