খুলনা বিশ্ববিদ্যালয় জাপানি ভাষা দক্ষতা মূল্যায়নের আন্তর্জাতিক পরীক্ষা Japanese NAT-Test-এর অফিসিয়াল টেস্ট সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের ইতিহাসে ঢাকার বাইরে প্রথম NAT টেস্ট সাইট হিসেবে নতুন দিগন্তের সূচনা করলো।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বিদেশগামী দক্ষ কর্মীরা নিজ এলাকায় থেকেই আন্তর্জাতিক মানের NAT পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগে এ পরীক্ষার জন্য ঢাকায় যেতে হতো।
উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, এই স্বীকৃতি দেশের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, NAT টেস্ট সাইট প্রতিষ্ঠার মাধ্যমে বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশ, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরবর্তী NAT পরীক্ষার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয় NAT প্ল্যাটফর্ম থেকে জানা যাবে।