খুলনায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি মোকাবিলা এবং জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে প্রধান স্টেকহোল্ডারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর হোটেল সিটি-ইনে বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
‘মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড লস এ্যান্ড ড্যামেজ, সাপোর্টিং দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ন্যাশনাল মেকানিজম অন লস এ্যান্ড ড্যামেজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব সমস্যা ও চাহিদা জেনে তাদের মতামতের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ মুজিবুর রহমান, কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক ড. মোঃ শাহজাহান আলী, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মোঃ ফজলুল হক এবং কেডিএ’র সদস্য রুহুল আমীন কুতুবউদ্দিন আহমেদ।
প্রকল্পের কার্যক্রম ও মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান ও নুর-ই-ইলাহি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। কর্মশালায় কীনোট পেপার উপস্থাপন করেন মাহবুবর রহমান এবং স্বাগত বক্তব্য দেন এ্যাডামস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ।
জানা যায়, প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউন্ডেশন, জাতীয় পর্যায়ে আইক্যাড এবং আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতি বিষয়ে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, শিক্ষাপ্রতিষ্ঠান ও জলবায়ু অভিবাসীদের মতামত সংগ্রহের মাধ্যমে জাতীয় কৌশল প্রণয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সহায়তা প্রদান।
ঊআ-মোচৌ
